২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন তাসকিন আহমেদ। সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন। পরে সাদা পোশাকে দেখা যায়নি তারকা পেসারকে। লম্বা সময় পর পাকিস্তানের বিপক্ষে টেস্টে নামছেন তাসকিন। তাকে নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন, তাসকিন সবসময় টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বলেছেন, ‘সব থেকে ভালো দিক হল, তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়। তবে অনাকাঙ্ক্ষিতভাবে ফিটনেস বলেন বা চোট ইস্যু বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, এগুলার দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় আমরা তাকে দলে নিতে পারি না। তবে এটা ভালো চিন্তা যে সবসময় খেলতে চায়।’
‘এই টেস্টের আগে ট্রেনার-ফিজিওর সাথে অনেক লম্বা একটা আলোচনা ছিল এবং সে খেলার জন্য ফিট। এ কারণে দলে নেয়া হয়েছে। কারণ তাসকিন সবসময়, শেষ সিরিজেও খুব ভালো পারফর্ম করেছে। তাসকিন যখনই টিমে থাকে, অধিনায়কের জন্য সহজ হয়ে যায়। দলের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার থেকে। ওই আশা করেই তাসকিন আবার আসছে এবং আশা করব যে এই সিরিজটাও ভালো করবে।’
সিরিজ সামনে রেখে প্রস্তুতিও ভালোভাবে নিয়েছেন তাসকিন। শান্ত বললেন, ‘হ্যাঁ, খুব ভালো প্রস্তুতি নিয়েছে। মনে হয় যে প্রস্তুতি নিয়েছে, একটু কঠিন ছিল। যেহেতু আবহাওয়া খারাপ ছিল। তবে এখনও ওর ওয়ার্কলোড বা যতটুকু বল করার প্রয়োজন ছিল, ওই জায়গাটাতে করতে পেরেছে ইনডোরেও। কিছুদিন বোলিং করেছে, কিন্তু যখনই সুযোগ পেয়েছে নিজেই ওর কাজটা করে নিয়েছে। অনেক অভিজ্ঞ ক্রিকেটার সে। জানে আসলে প্রস্তুতি নেয়ার জন্য কী করা প্রয়োজন। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমি খুশি এবং ফিজিও-ট্রেনার তারাও খুশি, তারা খুব ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন। আশা করছি তাসকিন এই টেস্ট ম্যাচটা ভালোভাবে বোলিং করতে পারবে।’



