এবারের বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে ড্রেসিংরুমে একটি হাতে লেখা বার্তা রেখে গেছে ইরান ফুটবল দল। লস অ্যাঞ্জেলেসে ম্যাচে গোলশূন্য ড্র হওয়ায় নকআউট পর্বে ওঠার আশা বেঁচে আছে দলটির।
ম্যাচের পর সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে পাওয়া চিঠিতে দেখা যায়- ইরান নিজেদের ইতিহাস, জাতীয় গৌরব এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেছে। বার্তায় লেখা ছিল, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান, ইরানের চেতনা এখনও অটুট ও অবিচল। আমরা গর্ব নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছি, সম্মানের সঙ্গে খেলেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি। আতিথেয়তার জন্য ধন্যবাদ, লস অ্যাঞ্জেলেস।’
‘এই ১৮০ মিনিটে (লস অ্যাঞ্জেলেসে খেলা দুটি ম্যাচে) যারা হৃদয়, কণ্ঠ ও আত্মা দিয়ে ইরানকে সমর্থন করেছেন, সেই সব ইরানিয়ানকে ধন্যবাদ। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’
বার্তার সবচেয়ে আলোচিত অংশটি লাল কালি দিয়ে লেখা ‘#১৬৮’ এবং ‘#মিনাব’। এটি গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহত ১৬৮ শিক্ষার্থীর স্মরণে লেখা হয়েছে। ইরানের দাবি, নিহতদের অধিকাংশই ছিল স্কুলপড়ুয়া শিশু ও কিশোরী। এর আগে বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকো পৌঁছানোর সময়ও ইরানের ফুটবলারদের “#১৬৮” লেখা ব্যাজ পরতে দেখা গিয়েছিল।

বিশ্বকাপজুড়ে ইরান দলের যাত্রা রাজনৈতিক ও কূটনৈতিক নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থান সংক্রান্ত বিধিনিষেধের কারণে দলটি মেক্সিকোর তিহুয়ানাকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে এবং ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা শেষ করেই ফিরছে। এ নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের কোচ আমির ঘালেনোই।
বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর এখনও নকআউট পর্বে ওঠার লড়াইয়ে টিকে আছে ইরান। গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর।





