বিশ্বকাপ এলে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের কথা যুদ্ধের জুড়ি মেলা ভার। খেলা শুরুর আগে থেকে শেষ হওয়ার পরও চলতে থাকে। সোমবার রাতে আসরে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচ ঘিরেও আলোচনা, তর্ক-যুদ্ধের শেষ নেই। ব্রাজিল ও অন্য দলের অনেক সমর্থকই চাইছেন আর্জেন্টিনা প্রত্যাশিত ফল ঘরে না তুলুক। তবে বেশিরভাগই বলছেন আর্জেন্টিনা সমর্থন করি না, তবে দলটি যে অস্ট্রিয়াকে হারাবে এটা বলতে দ্বিধা নাই। আর্জেন্টিনা সমর্থকদের আবার এসব হিসাব-নিকাশে নেই, তারা মত্ত কেবল মেসি-আলভারেজরা কত গোল পাবেন সেটি নিয়ে।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে নেমেছিল আলজেরিয়ার বিপক্ষে। ম্যাচে ৩-০ গোলে জয তোলে লিওনেল মেসির দল, হ্যাটট্রিক করেছিলেন মহাতারকা। অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে জিতেছে, ৩-১ গোলে। দলটিতে আছেন ইউরোপের বিভিন্ন সেরা লিগে খেলা একঝাঁক তারকা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। খেলা হবে টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে। ম্যাচে পাওয়া জয় যেকোনো এক দলকে নকআউটের টিকিট দেবে। ফিফা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অস্ট্রিয়ার অবস্থান ২১এ। দুদলের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক আলবিসেলেস্তে সমর্থক ও প্রতিপক্ষ বা ভিন্ন দলের সমর্থকরা কী ভাবছেন।
অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার সমর্থকদের শতভাগই বলছেন আলবিসেলেস্তেরা ম্যাচ জিতে নেবে। তবে তাদের গোল ব্যবধান প্রত্যাশায় অনেক পার্থক্য আছে। অধিকাংশের মতে- আর্জেন্টিনা ৩-১ গোলে বা ৩-০ গোলে ম্যাচ জিতে নেবে। কারও কারও মতে, মেসির দল ২-১ বা ২-০ গোলে জিতে নকআউট নিশ্চিত করবে।
ব্যতিক্রমী সমর্থকও আছেন। আর্জেন্টিনার অনেক সমর্থকও মনে করছেন প্রিয় দলটি অস্ট্রিয়াকে সহজে হারিয়ে দেবে। তবে ঠিক কত গোলে হারাতে পারে সেটি বলতে চান না। অনেকে আবার বেশ উচ্চাকাঙ্ক্ষী, বলেছেন আর্জেন্টিনা ৫-০ গোলের বড় ব্যবধানে ইউরোপের দেশটিকে হারানোর সক্ষমতা রাখে এবং সেটা করে দেখাতে পারবে এই রাতেই।
আর্জেন্টিনার ম্যাচ নিয়ে ব্রাজিল, জার্মানি বা পর্তুগাল সমর্থকদেরও আগ্রহের কমতি নেই। অধিকাংশ ব্রাজিল সমর্থক মনে করছেন আর্জেন্টিনা বড় ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়ে দেবে। বেশিরভাগের অনুমান আর্জেন্টিনা ৩-০ বা ৩-১ গোলে জয় তুলবে।
ভিন্ন দলের অনেক সমর্থক মনে করছেন শক্তি-সামর্থ্য বিচারে আর্জেন্টিনার এই রাতে অস্ট্রিয়াকে ২-০ বা ২-১ গোলে হারানোর সম্ভাবনা বেশি। তবে ব্রাজিলের অনেক সমর্থকও মনে করছেন আর্জেন্টিনা ৫-০ বা ৪-০ গোলে জিততে পারে। তাদের এমন অনুমানের পেছনে প্রধান কারণ দুদলের র্যাঙ্কিংয়ের পার্থক্য।
আবার খুবই অল্প কজন সমর্থক এমন বলেছেন, আর্জেন্টিনা এ ম্যাচে অস্ট্রিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যেতে পারে। হারের ব্যবধান বড় না হলেও এ ম্যাচে হারবে এমন বলেছেন কয়েকজন ব্রাজিল সমর্থকও।



