ট্রেইলারে চমক: মুক্তির আগেই শ্রদ্ধার সিনেমার আয় ১১৭ কোটি টাকা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। ২০২৪ সালে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল এটি। দীর্ঘ দুই বছর পর ‘ইথা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন এই তারকা।

ট্রেইলারে চমক

তামাশা আর্টিস্টদের বাস্তবজীবনের নানা ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘ইথা’ সিনেমা। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার; যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ২ দিনে ২২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। আর মন্তব্যের ঘরে জমা পড়েছে ভূয়সী প্রশংসা। আগামী ৪ ডিসেম্বর, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। কিন্তু মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে এটি।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ সিনেমা ভারতীয় বাজারে পরিবেশনার স্বত্ব কিনে নিয়েছে পিভিআর আইনক্স। ৯০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি ৫৮ লাখ টাকা) বিক্রি হয়েছে এই স্বত্ব। জানা গেছে, অগ্রিম ভিত্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বিশেষ করে নারীপ্রধান একটি সিনেমার ক্ষেত্রে এই অঙ্ক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিনেমাটির বক্স অফিস সম্ভাবনার ওপর পরিবেশক সংস্থার আস্থার প্রতিফলন এটি। অনেকেই সিনেমাটিকে চলতি বছরের সম্ভাব্য চমক হিসেবে দেখছেন।

ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘ইথা’ সিনেমা পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। এতে শ্রদ্ধা কাপুরের সহশিল্পী হিসেবে রয়েছেন—রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান, অনন্ত জোশি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে তাদের সংগীত।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সিনেমাটি নির্মাণের জন্য বিশাল আয়োজন করেছেন নির্মাতারা। মারাঠি সংস্কৃতির চিত্রায়ণ, আগে কখনো না দেখা শ্রদ্ধার লুক এবং বক্স অফিসে সাফল্যের সম্ভাবনা—সব মিলিয়ে আলোচনায় ‘ইথা’।

Scroll to Top