ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি | চ্যানেল আই অনলাইন

ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি, শেষ পর্যায়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি | চ্যানেল আই অনলাইন

আগামী বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের বহুল আলোচিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, আগামী বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত সফরে আনার লক্ষ্যে কাজ চলছে। এ সফরের প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিজেও চলতি বছরের মধ্যেই ভারত সফর করতে পারেন।

রুবিও জানান, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে উভয় দেশ ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে।

গত সপ্তাহে জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠক করেন। বৈঠক শেষে ট্রাম্প আলোচনাকে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেন।

ভারত দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সফরের আয়োজনের চেষ্টা করে আসছে। সম্ভাব্য এ সফরে জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বের বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে গত এক বছরে বিভিন্ন ইস্যুতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে ওয়াশিংটনের অসন্তোষ, ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে মতপার্থক্য দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলে। এছাড়া উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনাও আলোচনায় আসে।

এমন প্রেক্ষাপটে সম্ভাব্য ট্রাম্প সফর এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অগ্রগতি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন গতি দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Scroll to Top