
তেহরান, ২৭ জুন – ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাত এবং বাহরাইনে ইরানি ড্রোন হামলার পর ওই অঞ্চলে অস্থিরতা আরও বেড়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি ট্যাংকারের কমান্ড সেন্টারে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হেনেছে। তবে জাহাজের ক্যাপ্টেন নিশ্চিত করেছেন যে এই ঘটনায় সব ক্রু সুস্থ আছেন এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে এই হামলার ঘটনাটি তদন্ত করছে।
এদিকে বাহরাইন অভিযোগ করেছে যে শনিবার সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তাদের মতে ইরানি ড্রোন হামলা সাধারণ নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল যা গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে।
এনএন/ ২৭ জুন ২০২৬






