ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে আলোচিত একটি বিষয় হতে যাচ্ছে ‘টেম্পল অব হেভেন’ বা স্বর্গ মন্দির পরিদর্শন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এই মন্দির প্রাঙ্গণে হাঁটবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিষয়টি সাধারণ হলেও এর প্রতীকী অর্থ দেখছেন বিশ্লেষকরা।

দুই নেতার বৈঠকে প্রযুক্তিখাতের পাশাপাশি কৃষি পণ্য আমদানি-রপ্তানির বিষয়টিও গুরুত্ব পেতে পারে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পকে টেম্পল অব হেভেনে নেওয়া হবে। চীনের সম্রাটরা একসময় বেইজিংয়ের এই মন্দিরের ‘হল অব প্রেয়ার ফর গুড হারভেস্টস’-এর ছাদের নিচে দাঁড়িয়ে ভালো ফলনের জন্য প্রার্থনা করতেন।
বেইজিংভিত্তিক ইতিহাসবিদ লার্স উলরিক থম বলছেন, একজন চীনা নেতার জন্য নিজ দেশের ইতিহাসের গভীরতা, স্থায়িত্ব এবং আভিজাত্য প্রদর্শনের জন্য এটি একটি নিখুঁত পটভূমি।
এমন একটি স্থানে ট্রাম্পকে আতিথেয়তা দেওয়ার মাধ্যমে চীন নিজেদের সহনশীলতা ও সভ্যতার গভীরতা সম্পর্কে জোরালো বার্তা দিতে চাইছে। অন্যদিকে ট্রাম্পের জন্য এই প্রেক্ষাপটটি আরো বেশি বাস্তবসম্মত গুরুত্ব বহন করে। কারণ, এই সফরে তাঁর অগ্রাধিকার তালিকার শীর্ষে আছে কৃষিখাত। মার্কিন কৃষকরা আশা করছেন চীন আরো বেশি পরিমাণে তাদের উৎপাদিত সয়াবিন, অন্যান্য শস্য ও মাংস কিনবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্লেষকদের মতে, শুল্ক সংক্রান্ত আদালতের রায়ে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা কিছুটা দমে গেছে। ফলে চীন সফরে এখন তাঁর লক্ষ্য মূলত সয়াবিন, মাংস এবং বোয়িং জেট সংক্রান্ত চুক্তি করা।



