টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বংসী বলছে নিউজিল্যান্ড | চ্যানেল আই অনলাইন

টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বিধ্বংসী বলছে নিউজিল্যান্ড | চ্যানেল আই অনলাইন

নতুন মুখের ডালা নিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ২-১ ব্যবধানে হার দেখেছে সফরকারী দল। এবার টি-টুয়েন্টির পালা। এই দলে থাকাদের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতাকে সম্বল মানছেন অধিনায়ক টম ল্যাথাম। পাশাপাশি সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে বিধ্বংসী বলছেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার গড়াবে ডাচ-বাংলা ব্যাংক সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২৯ এপ্রিল একই ভেন্যুতে পরের ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি। সিরিজের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। রোববার চট্টগ্রামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন টম ল্যাথাম। বাংলাদেশ দলকে শক্তিশালী বলছেন তিনি।

বাংলাদেশের টি-টুয়েন্টি দলেও রয়েছে নতুন মুখ। মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা নেই, সুযোগ পেয়েছেন রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। ল্যাথাম বলছেন, ‘যখনই তাদের বিপক্ষে খেলেন, দলে সবসময়ই কিছু বিধ্বংসী ব্যাটার থাকে। তাদের দলে এমনকিছু খেলোয়াড় থাকে যারা স্ট্রোক খেলতে পারে এবং পাওয়ার-হিটিং করতে পারে। এই দলও ব্যতিক্রম নয়।’

নিজেদের স্কোয়াড নিয়ে কিউই অধিনায়ক বলেছেন, ‘দলে এমনকিছু খেলোয়াড় আছে, যাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা হয়তো কিছুটা কম। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাদের প্রচুর অভিজ্ঞতা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অভিজ্ঞতা সীমিত হলেও এটা গুরুত্বপূর্ণ যে, তারা যেন ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতাকে কাজে লাগায়।’

‘এটা গুরুত্বপূর্ণ যে, আমরা হোমওয়ার্ক এবং স্কাউটিং ঠিকমতো করি যাতে পরের ম্যাচগুলোর জন্য প্রস্তুত থাকতে পারি। আমাদের কাছে বড় বিষয় হল, সামনে কে আছে সেটা বড় কথা নয়, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সেরা সিদ্ধান্ত নেয়া।’

নতুনদের সুযোগ দেয়ার বিষয়ে ল্যাথাম বললেন, ‘অধিকাংশ খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেটের সংস্পর্শে আসার সুযোগ পায়, তারা যেন সেটা এই ফরম্যাটে কাজে লাগাতে পারে। আমাদের বেশকিছু খেলোয়াড় আছে যারা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছে, মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে এবং অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সাথে খেলার সুযোগ পেয়েছে। মনে হয় আমাদের যে অভিজ্ঞতা, খেলোয়াড়রা টি-টুয়েন্টি ক্রিকেট খেলতে অভ্যস্ত। সবাই এই ফরম্যাট পছন্দ করে।’

কেন উইলিয়ামসন এবং জিমি নিশাম গত বিপিএলে খেলেছেন। বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে তাদের বেশ জানাশোনা। এই সিরিজ শুরুর আগে তাদের থেকে বিশেষ কোন পরামর্শ নিয়েছেন কিনা? ল্যাথাম বললেন, ‘না। বিশেষ কিছু নয়। জানি তারা বাংলাদেশ দলের বর্তমান কয়েকজন খেলোয়াড়ের সাথে খেলেছে। তবে আলাদা কোন তথ্য নয়, আমরা যারা এখানে আগে খেলেছি, তারা শুধু নিজেদের জ্ঞান দলের বাকিদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।’

সাগরিকার উইকেট নিয়ে তিনি বলেছেন, ‘আসলে এখনও উইকেট দেখিনি। তবে অতীতে এই মাঠে যে খেলাগুলো হয়েছে এবং কয়েকদিন আগে এখানে যে ম্যাচটি খেলেছি, সেখান থেকে যতটা সম্ভব তথ্য নেয়ার চেষ্টা করব। আমার ধারণা ৪০ ওভারজুড়েই উইকেট বেশ ভালো থাকবে এবং খুব একটা পরিবর্তন হবে না। ওয়ানডের পর টি-টুয়েন্টিতে আসাটা আমাদের জন্য একটা ভালো পরিবর্তন এবং আমরা এটার অপেক্ষায় আছি।’

Scroll to Top