ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে সোমবার। সিরিজের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। সিরিজের আগেরদিন সংবাদ সম্মেলনে আগে এসেছিলেন লিটন দাস। টি-টুয়েন্টি ফরম্যাটে এক বা দুজন খেলোয়াড়ই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে বলেন। পরে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের কাছেও ছিল একই প্রশ্ন। তার মতে, কয়েক বলেই ঘুরে যেতে পারে খেলা।
লিটনের সঙ্গে একমত পোষণ করে ল্যাথাম বলেন, ‘হ্যাঁ, একদম। মাত্র একজন খেলোয়াড় ভালো খেললেই কয়েক ওভারের মধ্যে ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে। ফরম্যাট যত বড় হয়, ম্যাচ ঘুরতে ততবেশি সময় লাগে। কিন্তু টি-টুয়েন্টিতে এটা এক ওভার বা কয়েক বলের মধ্যেই হতে পারে। তাই আমাদের দিক থেকে লক্ষ্য থাকবে নিজেদের এমন অবস্থানে রাখা যাতে বড় অবদান রাখতে পারি এবং সুযোগ আসা মাত্রই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মতো মুহূর্ত তৈরি করতে পারি।’
‘টি-টুয়েন্টি হল ম্যাচ উইনারদের খেলা, যেখানে খেলোয়াড়রা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরে এবং আত্মবিশ্বাসের সাথে খেলে। আমরাও খেলোয়াড়দের সেই আস্থা দিতে চাই, যাতে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং যতটা সম্ভব নিজেদের প্রকাশ করতে পারে। জানি যদি সেটা করতে পারি, আমরা জয়ের অবস্থানে থাকবো।’
টি-টুৃয়েন্টিতে নিয়মিত মুখ নন ল্যাথাম। নিউজিল্যান্ডের হয়ে ২৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন। এর মধ্যে ১৩ ম্যাচে অধিনায়ক ছিলেন। বেশিরভাগই অভিজ্ঞদের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নিয়ে ল্যাথাম বললেন, ‘নিউজিল্যান্ডের হয়ে টি-টুয়েন্টি খেলার যেকোনো সুযোগই উপভোগ করি। নিয়মিত খেলোয়াড়রা যখন থাকে না, তখন আমার অবস্থান কোথায় সেটা বুঝি এবং এতে আমার কোন সমস্যা নেই। এই ফরম্যাটটা ভালোবাসি।’
‘খুব বেশি খেলা হয় না, তবে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক অঙ্গনে কিছু খেলার অভিজ্ঞতা আমার আছে। বিশেষ করে এধরনের কন্ডিশনে যেখানে বল কিছুটা স্পিন করে বা ধীরগতির হয়। আমার কাছে ফরম্যাট বা দল বড় কথা নয়, আমার কাজ হল নিজের ভূমিকা সঠিকভাবে পালন করা- সেটা ওপেনিং হোক বা উইকেটকিপিং। শুধু দলের জন্য অবদান রাখতে চাই।’
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটির জন্য বাংলাদেশ দলে প্রথমবার জায়গা পেয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। পাশাপাশি স্কোয়াডে ফিরেছেন উদীয়মান পেসার রিপন মণ্ডল। তাদের ভিডিও ফুটেজ দেখেছেন কিউইরা।
ল্যাথাম বললেন, ‘আমরা তাদের কিছু ফুটেজ দেখেছি। জানি এমনকিছু খেলোয়াড় আছে যাদের হয়তো এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি। যখন কোন খেলোয়াড় সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না, তখন যতদ্রুত সম্ভব মানিয়ে নেয়া আসল কাজ। ফুটেজ থেকে এবং মাঠে খেলার সময় যতদ্রুত সম্ভব তথ্য সংগ্রহ করে দলের সবার কাছে পৌঁছে দিতে হবে।’
সিরিজ রোমাঞ্চিত হবে আশা কিউই অধিনায়কের, ‘এটা দুদলের জন্যই রোমাঞ্চকর যে আমাদের দলেও এমন অনেকে আছে যারা খুব বেশি খেলেনি, আবার বাংলাদেশ দলেও এমন খেলোয়াড় আছে যাদের অভিষেক হয়নি। তাই সামনে একটি দারুণ সিরিজের অপেক্ষায় আছি।’
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২৯ এপ্রিল একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নামবে দুদল।





