
মাদ্রিদ, ১৮ জুলাই – আন্তর্জাতিক ফুটবলে যেন হারতে ভুলে গেছে স্পেন। ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে লা রোহারা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থাকার অভাবনীয় কীর্তি গড়েছে স্প্যানিশরা।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ইউরোপীয় দল হিসেবে ইতালির গড়া টানা সর্বোচ্চ ৩৭ ম্যাচ অপরাজিত থাকার অল-টাইম রেকর্ডটি এর মাধ্যমে ছুঁয়ে ফেলল স্পেন।
২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে হারার পর থেকে ভিন্ন রূপে আবির্ভূত হয় স্পেন দল। গত দুই বছর ধরে বিশ্বের কোনো দলই তাদের পরাজিত করতে পারেনি। এই দীর্ঘ অপরাজেয় সফরে স্পেন এখন পর্যন্ত ২৮টি ম্যাচে জয় পেয়েছে এবং ৯টি ম্যাচ ড্র করেছে।
আসন্ন বিশ্বকাপের ফাইনালে যদি স্পেন অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারে, তবে তারা ইতালিকে ছাড়িয়ে এককভাবে ইউরোপের দীর্ঘতম অপরাজিত দল হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়বে।
ফুটবল বিশ্লেষকদের মতে, তরুণ ও অভিজ্ঞদের দারুণ সমন্বয়ে গড়া বর্তমান স্প্যানিশ দলটি যেভাবে ছন্দে রয়েছে, তাতে শিরোপার পাশাপাশি এই রেকর্ড নিজেদের করে নেওয়া এখন কেবলই সময়ের ব্যাপার।
আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি ঘিরেই এখন ফুটবল বিশ্বের নজর নিবদ্ধ রয়েছে।
এনএন/ ১৮ জুলাই ২০২৬






