
ঢাকা, ১৮ জুলাই – বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাকর্মীদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে।
সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তাবিত আচরণ বিধিমালায় এই বিধান যুক্ত করার জন্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছে দলটি। ইসির পক্ষ থেকে সম্প্রতি এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে জামায়াত উল্লেখ করেছে যে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান বিধিমালায় সংযোজন করা আবশ্যক।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন যে এই সুপারিশ গ্রহণ করা হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রার্থী হতে পারবেন না।
উল্লেখ্য যে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এমন বিধান যুক্ত করেছিল যার ফলে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়ার যুক্তিতে এই বিধান বিধিমালায় যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
এনএন/ ১৮ জুলাই ২০২৬






