ছেলের এইচএসসি পাসের খবরে বিলুপ্ত হলো জেলা ছাত্রদলের কমিটি

ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিলুপ্ত করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি। সদ্য সাবেক জেলা সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের বিষয়টি সামনে আসার পর এ সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

ছাত্রদলের কমিটি

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এ ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। পরে জেলা ছাত্রদলের আর কোনো কমিটি গঠন করা হয়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হন জেলা সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে আনন্দিত হয়ে ছাত্রদল নেতা শাহজাহান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবিসহ একটি পোস্ট শেয়ার করেন।

সেখানে তিনি ক্যাপশনে লেখেন ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভ কামনা রইল বাজান।’

Scroll to Top