জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।
রোববার (১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই নির্দেশনা পালন করতে হবে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়।
মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে। এ বিষয়ে উপসচিব ওয়ালীউল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, Allocation of Business Among The Different Ministries and Divisions (Schedule I of the Rules of Business, 1996) অনুযায়ী সরকার এ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে।


