দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাপেট আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারের নামাজে জানাজা মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের এই প্রথিতযশা শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে চ্যানেল আই প্রাঙ্গণে তাঁর মরদেহ আনা হবে। এরপর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। এতে সহকর্মী, শিল্পী-সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যমে অনন্য অবদান রেখে গেছেন মুস্তাফা মনোয়ার। চিত্রকলার পাশাপাশি শিশুতোষ অনুষ্ঠান, পাপেট আন্দোলন এবং সাংস্কৃতিক চর্চার প্রসারে তাঁর ভূমিকা আজও সমানভাবে স্মরণীয়।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯১ বছর।
মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন সহশিল্পী, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন। গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত চ্যানেল আই পরিবার।



