চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই প্রাঙ্গণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক, প্রখ্যাত নির্মাতা ও টেলিভিশন অঙ্গনের অন্যতম পথিকৃৎ মোস্তাফিজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ জুলাই) বুধবার গুণী এই সম্প্রচার ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাতে বিটিভি ও চ্যানেল আই প্রাঙ্গণে দুই দফা জানাজায় অংশ নেন গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মী, শিল্পী, নাট্যজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়।

বুধবার সকালে তার মরদেহ প্রথমে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে, যেখানে দ্বিতীয় জানাজায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা অংশ নেন।

জানাজায় উপস্থিত বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমানের সৃষ্টিশীল কর্ম ও অবদান দেশের টেলিভিশন অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে দেশের সম্প্রচার ও নাট্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ টেলিভিশনের স্বর্ণযুগের অন্যতম প্রধান নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। তার প্রযোজনা ও নির্মাণে ‘সকাল সন্ধ্যা’, ‘এইসব দিনরাত্রি’ এবং ‘শঙ্খনীল কারাগার’ এর মতো কালজয়ী নাটক নির্মিত হয়েছে, যা বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর গত ২৬ জুলাই রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম, নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিটিভিতে দীর্ঘ কর্মজীবন শেষে বেসরকারি টেলিভিশন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমান। বাংলাভিশন ও গাজী টিভির প্রতিষ্ঠা ও সম্প্রচার কার্যক্রমে তার অবদান বিশেষভাবে স্মরণীয় বলে জানিয়েছেন সহকর্মীরা।

Scroll to Top