চোট কাটিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ দলে লুকাকু | চ্যানেল আই অনলাইন

চোট কাটিয়ে বেলজিয়ামের বিশ্বকাপ দলে লুকাকু | চ্যানেল আই অনলাইন

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বেলজিয়ামের বিশ্বকাপ দলে জায়গা পেলেন রোমেলু লুকাকু। শুক্রবার ২৬ সদস্যের দলে অভিজ্ঞ স্ট্রাইকারকে রেখেছেন কোচ রুডি গার্সিয়া।

যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে হতে চলা ২০২৬ বিশ্বকাপে বেলজিয়াম দলে বড় চমক লুকাকুর জায়গা পাওয়া। চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে কোন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না। মোট ৭ ম্যাচে বদলি হিসেবে নেমেছেন এবং ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে একটি গোল করেছিলেন। হ্যামস্ট্রিং চোটের কারণে গত দুমাস তিনি বেলজিয়ামে পুনর্বাসনে কাটিয়েছেন।

এবারের বিশ্বকাপ হতে চলেছে লুকাকুর চতুর্থ আসর। তার সঙ্গে চতুর্থ বিশ্বকাপ খেলতে চলেছেন মিডফিল্ড তারকা কেভিন ডি ব্রুইনে এবং গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। ৩৭ বর্ষী মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেলও আছেন চতুর্থ বিশ্বকাপ অভিযানে।

বেলজিয়ামের হয়ে ১২৪ আন্তর্জাতিক ম্যাচে ৮৯ গোল করা লুকাকুকে নিয়ে গার্সিয়া বলেছেন, ‘রোমেলু চোট থেকে সেরে উঠেছে, কিন্তু সে খেলার মতো অবস্থায় নেই। আমি নিশ্চিত নই শুরু থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারবে কিনা। তবে লুকাকু আমাদের সেরা স্ট্রাইকার এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’

দল থেকে বাদ পড়েছেন লইস ওপেন্ডা। বেলজিয়ামের হয়ে ৩৩ ম্যাচ খেলা তারকা জুভেন্টাসে এ মৌসুমে ২৪ ম্যাচে মাত্র একটি গোল করেছেন। মূলত বাজে ফর্মের কারণে তাকে রাখেননি কোচ।

বেলজিয়াম বিশ্বকাপ দল
গোলরক্ষক: থিবো কোর্ত্তয়া, সেনে লামেন্স, মাইক পেন্ডার্স।
ডিফেন্ডার: টিমোথি ক্যাসটেন, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সেইস, আর্থার থিয়েট।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনে, আমাদৌ ওনানা, নিকোলাস রাসকিন, ইউরি টেলেসমান্স, হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।
ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলেয়ার, জেরেমি ডোকু, মাতিয়াস ফের্নান্দেজ পারদো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, ডিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সেলেমাইকার্স, লিয়েন্দ্রো ট্রসার্ড।

Scroll to Top