পাবনার ঈশ্বরদীতে চুরির সময় স্থানীয়দের গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ভোর রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল (বয়স জানা যায়নি) ওই এলাকার বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিবুল মন্ডল এবং তার দুই ছেলে শাকিল ও সাহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরির চেষ্টা করেন সুমন। এ সময় হাবিবুল মন্ডল বিষয়টি টের পেয়ে বাধা দিলে অভিযুক্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে হাবিবুলের দুই ছেলে এগিয়ে এসে তাকে আটকানোর চেষ্টা করলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



