চার দিনের সংক্ষিপ্ত বিরতি শেষে আবারও পুরোদমে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প। আসন্ন এশিয়ান গেমস লক্ষ্যে রেখে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এখন কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা।
দীর্ঘমেয়াদী নিবিড় প্রশিক্ষণের ধকল ও ক্লান্তি কাটিয়ে উঠতে এই ৪ দিনের ছোট ছুটি দলটির জন্য বেশ কার্যকর ভূমিকা পালন করেছে, জানানো হয়েছে বাংলাদেশ হকি দল থেকে।
জাতীয় দলের সহকারী কোচ ইমরান হাসান পিন্টু জানান, ‘এই বিরতি খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি পুরোপুরি দূর করার পাশাপাশি মানসিকভাবেও সতেজ করে তুলেছে। নতুন উদ্যমে ক্যাম্পে ফিরে আসা পুরো দলটিকে এখন আগের চেয়ে অনেকবেশি চাঙ্গা ও উজ্জীবিত দেখাচ্ছে।’
এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে দেশের জন্য কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনার লক্ষ্যে সাজানো হয়েছে এই প্রস্তুতি পরিকল্পনা। বর্তমানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিদিন সকাল ও বিকেল দুই সেশনে খেলোয়াড়দের স্কিল উন্নয়ন এবং ফিটনেস বৃদ্ধির লক্ষ্যে কঠোর অনুশীলন পরিচালনা করা হচ্ছে।
জাপানের আইচি-নাগোয়ায় হতে চলা ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের খেলাগুলো ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হবে। বাংলাদেশ খেলবে ‘এ’ পুলে থাকা ভারত, সাউথ কোরিয়া, জাপান, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।
আসরের জন্য আগামী ১২ আগস্ট বাংলাদেশ হকি দল প্রস্তুতি নিতে জার্মানির উদ্দেশে দেশ ছাড়বে। প্রায় একমাসের একটি আবাসিক কন্ডিশনিং ক্যাম্প করবে দেশটিতে। লাল-সবুজের প্রতিনিধিরা সফরে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির বিভিন্ন ক্লাবের বিপক্ষে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে।


