চাকরিচ্যুতি ও হয়রানির প্রতিবাদে মতিঝিলে ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন | চ্যানেল আই অনলাইন

চাকরিচ্যুতি ও হয়রানির প্রতিবাদে মতিঝিলে ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন | চ্যানেল আই অনলাইন

ব্যাংক খাতে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতি, বৈষম্য ও হয়রানির অভিযোগে রাজধানীর মতিঝিলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মতিঝিলে ইসলামী ব্যাংক পিএলসি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত কয়েক মাসে দেশের ছয়টি ইসলামি ধারার ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসিতে পরিকল্পিতভাবে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক ও প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তাদের দাবি, মিথ্যা অভিযোগে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, পাশাপাশি অযৌক্তিক বদলি, মানসিক ও শারীরিক হয়রানির শিকার হতে হয়েছে। প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী এই পরিস্থিতির শিকার হয়েছেন বলে তারা জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, মানবসম্পদ নীতিমালা উপেক্ষা করে অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। এতে যোগ্য ও অভিজ্ঞ কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানানো হয়। এগুলো হলো—চাকরিচ্যুতদের পুনর্বহাল, হয়রানি বন্ধ, স্বচ্ছ নিয়োগ ও পদোন্নতি, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং দোষীদের শাস্তি।

বিক্ষোভকারীরা বলেন, তারা কোনো সংঘাত নয়, ন্যায়বিচার চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

Scroll to Top