চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট | চ্যানেল আই অনলাইন

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের সম্ভাব্য তারিখ ঘিরে অনিশ্চয়তার কারণে দুই দিনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট চাঁদ দেখার সিদ্ধান্তের ওপর নির্ভর করে অনলাইনে ছাড়া হবে। যদি ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হয়, তাহলে ২৯ ও ৩০ মের টিকিট চাঁদ দেখা কমিটির ঘোষণার পরপরই যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।

এরই মধ্যে ঈদযাত্রাকে কেন্দ্র করে ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি চলছে। ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তীতে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট বিক্রি করা হয়েছে। অন্যদিকে ঈদ শেষে ঘরমুখো যাত্রীদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে। এরপর ২২, ২৩, ২৪ ও ২৫ মে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ পাবেন। এছাড়া অগ্রিম টিকিট কেনার পর তা ফেরত বা রিফান্ড করা যাবে না। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Scroll to Top