মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার আত্মীয়ের ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও ৮ মাসের শিশু সন্তানসহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও ৮ মাসের শিশু সন্তান।
মাদারীপুরের শহরের আমিরাবাদ এলাকার সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ ও তার স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য।
নিহতের আত্মীয় মিষ্টি বাড়ৈ জানান, নিহতরা তার বাড়িতে গতকাল আসেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পেয়ে তাদের অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে পরবর্তীতে পুলিশকে খরব দেই। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করে। এসময় চিন্ময় দাস ও তার সন্তান ফ্যানের সাথে ঝুলছিল এবং ইশা দাসের মরদেহ খাটের উপর পড়ে ছিল।
বাড়ির মালিক সান্তনা রাণী জানান, রাত ১২টার দিকে পুলিশ আমাকে ফোন দিলে আমি বাসার গেট খুলে দেই। পুলিশ বাসায় প্রবেশ করে রুমের দরজা ভেঙ্গে মিষ্টি বাড়ৈয়ের ঘরে নিহতদের লাশ উদ্ধার করেন।
মাদারীপুর র্যাব-৮ ক্যাম্প কমান্ডার মো. মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এখনই এটা হত্যা না আত্মহত্যা বলা যাবে না। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।





