
গোপালগঞ্জ, ২ ফেব্রুয়ারি – গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন মণ্ডল দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটির চালক ছিলেন এবং তার বাড়ি ঢাকার সাভার এলাকায়।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক মহিউদ্দিন মণ্ডল ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের মরদেহ উদ্ধার করেন। এ সময় মহাসড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়লে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ এম/ ২ ফেব্রুয়ারি ২০২৬




