
বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের ‘এফ জেড ১০৭৩’ ফ্লাইটে সহ-পাইলটের ছুরিকাঘাতে আহত হন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। উড়োজাহাজে হামলার সময় যাত্রীদের নিরাপত্তায় ক্যাপ্টেন স্মিতের ভূমিকার প্রশংসা সর্বত্র।
বলিউড সুপারস্টার শাহরুখ খান থেকে সালমান, সকলেই সেই পাইলটের বন্দনায় মেতেছেন! শাহরুখ লিখেন, ভারতীয় এই পাইলট যাত্রীদের রক্ষায় সাহস ও দায়িত্ববোধের দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
শাহরুখ খান লেখেন, “ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করেছেন! প্রতিকূলতার মুখোমুখি হয়ে নিজের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা সহজ নয়। কিন্তু যাত্রীদের রক্ষায় আপনি ঠিক সেটিই করেছেন এবং একজন ক্যাপ্টেনের দায়িত্ব কী- তা আমাদের দেখিয়ে দিয়েছেন।”
তিনি বলেন,“এটি সাহস ও দায়িত্ববোধের সত্যিকারের দৃষ্টান্ত। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। গোটা দেশ আপনাকে নিয়ে গর্বিত।”
শাহরুখ খানের এই পোস্টের এক দিন আগে অভিনেতা সালমান খানও মাচ্ছারের প্রশংসা করেন। তার সঙ্গে উড়োজাহাজে ভ্রমণ করতে পারলে আনন্দিত হবেন বলেও জানান সালমান।
এক্সে তিনি লেখেন, “কামাল করে দিয়েছেন পাইলটজি, আমরা সবাই আপনাকে স্যালুট করি। আপনার সঙ্গে ভ্রমণ করতে পারলে আনন্দের হবে। দারুণ করেছেন ভাই।”
মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, ভিকি কৌশল, সানি দেওল, তামান্না ভাটিয়া ও অনিল কাপুর।
রণবীর ক্যাপ্টেন স্মিতকে ‘সাহসী’ বলে অভিহিত করেন। অন্যদিকে, ভিকি কৌশল তার ইনস্টাগ্রাম স্টোরিতে ককপিটে থাকা পাইলটের একটি ছবি শেয়ার করে লেখেন, “সাহসী হৃদয়ের মানুষ! ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।”
সানি দেওলও পাইলটের একটি ছবি পোস্ট করে লেখেন, “ক্যাপ্টেন স্মিত মাচ্ছার- সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ সাহস ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আপনি একটি বড় দুর্ঘটনা এড়াতে এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছেন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। স্যালুট।”
হামলার সময় নিজের আহত অবস্থার মধ্যেও মাচ্ছার যাত্রীদের প্রতি যে দায়িত্ব পালন করেছেন, সেটি তুলে ধরেন তামান্না ভাটিয়া। তিনি লেখেন, “ভাবুন তো, নিজে আহত, নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন, তারপরও আপনার ওপর নির্ভরশীল ১৭৪ জন মানুষের কথা ভাবছেন। ক্যাপ্টেন স্মিত মাচ্ছার, আপনার প্রতি গভীর শ্রদ্ধা। আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
অনিল কাপুরও মাচ্ছারের একটি ছবি শেয়ার করেন। তিনি তাঁর বন্ধু জালালের সঙ্গে হওয়া একটি কথোপকথনের কথা উল্লেখ করেন। জালাল ফ্লাইং স্কুলে পড়ার সময় থেকেই স্মিতকে চিনতেন।
অনিল কাপুর লেখেন, “ঘটনাটি যখন ঘটে, জালাল আমাকে বলেছিল, সে ফ্লাইং স্কুল থেকেই স্মিতকে চেনে এবং কঠিন পরিস্থিতিতে যাকে পাশে চাইবে, স্মিত সবসময়ই তেমন একজন মানুষ ছিল। বিষয়টি আমাকে ভাবিয়েছে- শুরু থেকেই স্মিতের মধ্যে কতটা সাহস থাকতে পারে, যে তার আশপাশের মানুষ এত আগেই তা বুঝতে পেরেছিল।”
তিনি আরও লিখেন, “সেই মুহূর্তে স্মিত যা করেছেন, তা অসাধারণের চেয়েও বেশি কিছু। নিজে এত ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েও দৃঢ় থাকা এবং অন্যদের নিজের আগে রাখার জন্য অসীম সাহসের প্রয়োজন। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং দ্রুত সুস্থতার শুভকামনা।”
‘এফ জেড ১০৭৩’ ফ্লাইটে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাচ্ছার। সেই ফ্লাইটে ১৭৪ জন আরোহী, যার মধ্যে ২৭ জন শিশু ছিল। বিমানটি জরুরি সংকেত পাঠানোর পর দ্রুত উচ্চতা কমাতে থাকে। পরে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ বিমানবন্দরের দিকে সেটির গতিপথ পরিবর্তন করা হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ৩০ সেকেন্ডেরও কম সময়ে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট (৪ হাজার ২৬৭ মিটার) নিচে নেমে যায়। পিটিআই জানিয়েছে, ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটি ১৭ হাজার ফুটেরও বেশি নিচে নেমেছিল। টেলিগ্রাফ ইন্ডিয়া
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


