ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম ‘নগদ’ বিক্রি নিয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন উল্লেখ করে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে তথ্য প্রকাশ করা উচিত।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে নগদের ১৮ কোটি ৫৭ লাখ টাকার চেক ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে নগদ সরকারি ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। নগদের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ব্যবস্থা নতুন কোনো ধারণা নয়। বিশ্বের বিভিন্ন দেশে এ মডেল সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এ উদ্যোগের মাধ্যমে ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এজন্য জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফকির মাহবুব আনাম বলেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ তৈরি করা হবে। এর ফলে যেমন নাগরিক সেবার পরিধি বাড়বে, তেমনি নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগও সৃষ্টি হবে। তিনি উদ্যোক্তাদের আশ্বস্ত করে বলেন, কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হলে ডাক বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

নগদের মুনাফার চেক গ্রহণের পর মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নগদের মুনাফা সেই অগ্রগতির একটি উদাহরণ। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও সাশ্রয়ী সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব করে তোলা হবে। পাশাপাশি দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত নাগরিকসেবা নিশ্চিত করতে ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, এই অংশীদারিত্বের ফলে জনগণের আস্থা, সরকারের রাজস্ব এবং ডাক বিভাগের আয় বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ঢাকায় চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
পরে মন্ত্রী ডাক বিভাগের ইডি এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সভাপতিত্ব করেন। এতে ডাক অধিদপ্তরের মহাপরিচালকের (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম, নগদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।



