জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ’ শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হল। এ আয়োজনকে কেন্দ্র করে হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন বিভাগে লেখা আহ্বান করা হয়েছে। নির্বাচিত সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনা তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেয়াল পত্রিকার জন্য জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিষয়ক কবিতা, প্রবন্ধ, ছোটগল্প ও স্মৃতিচারণমূলক লেখা জমা দেওয়া যাবে।
লেখা জমার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। কবিতা সর্বোচ্চ ১২ লাইনের, স্মৃতিচারণ বা ছোটগল্প সর্বোচ্চ ২৫০ শব্দের এবং প্রবন্ধ সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে হতে হবে। আগামী ৫ আগস্ট ২০২৬-এর মধ্যে হল অফিসে লেখা জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জমা দেওয়া লেখা অবশ্যই শিক্ষার্থীর নিজস্ব, মৌলিক ও সৃজনশীল হতে হবে। এ-ফোর আকারের কাগজে হাতে লেখা অথবা কম্পিউটারে টাইপ করা লেখা গ্রহণ করা হবে। লেখার সঙ্গে নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, রুম নম্বর এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
এ বিষয়ে হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান নতুন বাংলাদেশের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এটি এখন রাষ্ট্রীয় দিবস হিসেবে স্বীকৃত। এই আন্দোলনে নারীদের অবদানও ছিল উল্লেখযোগ্য। সেই ভূমিকা ও চেতনা তুলে ধরতেই আমাদের এই আয়োজন।’
তিনি আরও জানান, বিষয়বস্তু, সৃজনশীলতা এবং উপস্থাপনার ভিত্তিতে লেখাগুলোর মূল্যায়ন করা হবে। এ আয়োজনে হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।



