গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক দায়রা জজ নিহত | চ্যানেল আই অনলাইন

গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক দায়রা জজ নিহত | চ্যানেল আই অনলাইন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আউয়াল সরকার (৫৬) নামের অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আউয়াল সরকারের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে।

তিনি সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ। পেশাজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় জজ হিসেবে কর্মরত ছিলেন। চাকরি শেষে তিনি গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রোববার রাতে মোটরসাইকেল নিয়ে গাইবান্ধা শহর থেকে বাড়িতে ফিরছিলেন।

পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় আসলে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ। তিনি বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Scroll to Top