প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, আমাদের কাছে মনে হয়েছে, গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের বিগত দুই মাসের সাফল্যের সাতটি বিষয় তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের মাঝে থাকছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার তোয়াক্কা করছেন না।
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রত্যেকটি তিনি পালন করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন সালেহ শিবলী।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছেন এবং তিনিও জনগণের ওপর আস্থা রেখেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে ‘৬০ দিনে ৬০টি কাজ’ বাস্তবায়নে দ্রুত অগ্রগতি হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম শুরুর পাশাপাশি ১১৩টি অধ্যাদেশ পাস করা হয়েছে এবং খাল খনন কর্মসূচিও চালু হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও দেশে অপরিবর্তিত রাখা হয়েছে দাম। ১৮০ দিনের কর্মসূচিকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে, এছাড়া জনগণের প্রত্যাশা পূরণে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।
দেশ সেবা করার জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।



