বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয় সারাদেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগে আছে।
মঙ্গলবার, ২ ডিসেম্বর, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর শ্যামলীতে কোরআনখানিতে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন। আজ বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় দলের ভেতর-বাইরের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত। মানুষের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
কোরআনখানিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে গরীব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবীর জাহিদ, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।



