ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে ৩শ ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের ক্রীড়া ক্ষেত্রে বড় ভূমিকা যারা রাখছেন তাদের ভাতা প্রদান করা হচ্ছে। ক্রীড়া কার্ড আরও ২শ বাড়িয়ে এই সংখ্যা ৫শতে উন্নীত করা হবে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
রোববার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জিরো থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করা যায় ১৫ বা ২০ বছর পরে হলেও বাংলাদেশের ফুটবল বিশ্বসভায় জায়গা করে নেবে।
কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।



