ঈদ্গাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে আহবায়ক কমিটি করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদরের এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকারকে প্রধান বিবাদি করে উপজেলা কৃষি কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাকুন্দিয়া থানার ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৩ জন সাংবাদিকসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।
জানা যায়, বর্তমানে এই ঈদ্গাহের ব্যাংক একাউন্টে কোটি টাকার ফান্ড রয়েছে। ঈদ্গাহটি ৩১ সদস্যবিশিষ্ট কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। বেশ কিছুদিন যাবত স্থানীয় মুসুল্লিরা পরিচালনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছেন।
এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সহকারী কমিশনারকে দায়িত্ব দেন। গত ২৬ মে সহকারী কমিশনার (ভূমি) ঈদ্গাহ পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করে উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলমকে আহবায়ক করে ২৬ জনকে দিয়ে একটি আহবায়ক কমিটি প্রকাশ করে।
সাবেক কমিটির সদস্যরা নতুন আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে আহবায়ক কমিটি বাতিল চেয়ে এবং সাবেক কমিটি পূনর্বহাল চেয়ে আহবায়ক কমিটির ২৬ জনকেই বিবাদি করে একটি মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন বলেন, সাবেক কমিটির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ পাওয়ায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটি আহবায়ক কমিটি দেয়া হয়েছে। তাছাড়া, সাবেক কমিটি দিয়ে ঈদগাহ মাঠের কার্যক্রম পরিচালনা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও আশংকা ছিল।
তিনি আরও বলেন, সাবেক কমিটি তদন্তে সহযোগীতা না করে উল্টো মামলা দায়ের করায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা রয়েছে মনে হচ্ছে।





