‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের উন্মাদনার শেষ নেই। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই।
ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা ‘দৃশ্যম ৩’ মুক্তি পেয়েছে ২১ মে। রোববার সিনেমাটির বৈশ্বিক আয় ১৪১ কোটি ৩৪ লাখ রুপিতে পৌঁছেছে।
ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির চতুর্থ দিন রোববার সিনেমাটি ভারতে ১৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করেছে। এ নিয়ে দেশটিতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ রুপি।
সিনেমাটির সবচেয়ে বড় বাজার ছিল কেরলম। রোববার শুধু এই রাজ্য থেকেই এসেছে ৯ কোটি ৭০ লাখ রুপি। এর আগের দিন শনিবার ভারতে সিনেমাটির আয় ছিল ১৩ কোটি ৭০ লাখ রুপি। ফলে রোববারের আয় সামান্য হলেও বেড়েছে।



