মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট বরাবরই রহস্যময়। প্রতিটি সিরিজের আগেই হোম অব ক্রিকেটের উইকেট নিয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। আরেকটি সিরিজ শুরুর আগেও এর ব্যতিক্রম হয়নি। তবে উইকেট নিয়ে এসব বিশ্লেষণের চেয়ে পারফরম্যান্সের দিকে মনোযোগী হতে চান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরজা।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। তার আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের কাছে উইকেট প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি
জানান, উইকেটের চেয়ে খেলোয়াড়দের ছন্দে থাকাই বেশি গুরত্বপূর্ণ তার কাছে। অধিনায়কের মতে, পারফর্ম করলে যেকোনো উইকেটেই খেলা যায়।
বলেছেন, ‘পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো উইকেটে খেলেছি। এই সিরিজটাও ভালো উইকেটে খেলার চেষ্টা করব। প্লেয়াররা সবাই যদি পারফর্ম করে খেলতে পারে, উইকেট ম্যানেজ করা যাবে।’
উইকেট নিয়ে বুধবার কথা বলেছিলেন বাংলাদেশ কোচও। এবারের সিরিজ দিনের আলোয়। দিবারাত্রির ম্যাচ ও দিনের আলোর ম্যাচে উইকেটের পার্থক্য তুলে ধরেন প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেছিলেন, ‘দিনের আলোয় খেলা হলে পার্থক্য তৈরি হবে। উইকেট কিছুটা ধীরগতির হতে পারে। হয়তো একটু বেশি গ্রিপ করবে। আমরা সেভাবেই আমাদের প্রস্তুত করছি। যে সময়ে খেলা , অনুশীলনগুলোও সেই সময়ে হচ্ছে।’




