কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত | চ্যানেল আই অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কসমস নিউইয়র্কে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম। কসমস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যোগ দেয়ার কথা জানিয়েছে। শমিত ক্লাবটির মিডফিল্ডকে বাড়তি শক্তি ও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা যোগ করবেন, কসমসের পক্ষ থেকে বলা হয়েছে।

ক্লাবটি শমিতের ছবি পোস্ট করে লিখেছে, ‘কসমসে আপনাকে স্বাগতম, শমিত সোম।’

‘বাংলাদেশি আন্তর্জাতিক খেলোয়াড় শমিত সোম আনুষ্ঠানিকভাবে কসমসের সদস্য। এমএলএস এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতা সম্পন্ন শমিত কসমসের মিডফিল্ডে অভিজ্ঞতা, দক্ষতা এবং আরও একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের উপস্থিতি যোগ করছেন।’

পেশাদার ফুটবলে দীর্ঘ প্রায় এক দশকের অভিজ্ঞতা রয়েছে ২৫ বর্ষী মিডফিল্ডার শমিতের। উত্তর আমেরিকার শীর্ষ ফুটবল লিগ মেজর লিগ সকার (এমএলএস) এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সফলভাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। পূর্বে এমএলএস-এর ক্লাব মন্ট্রিয়ল ইমপ্যাক্ট (বর্তমানে সিএফ মন্ট্রিয়ল) এবং সিপিএল-এর ক্যাভালরি এফসি ও এফসি এডমন্টনের হয়ে তিনি চমৎকার পারফর্ম করেছেন।

কানাডায় বেড়ে উঠলেও বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন শমিত। আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা জাতীয় দলের হয়েও তার পারফরম্যান্সে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ব্রাজিলিয়ান প্রয়াত কিংবদন্তি পেলে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমসে খেলেছিলেন। ১৯৭৭ সালের ১ অক্টোবর পেশাদার ফুটবল থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত ক্লাবটির প্রতিনিধিত্ব করেন। কসমসের হয়ে তিনি ১৯৭৭ সালে উত্তর আমেরিকান ফুটবল লিগ (এনএএসএল) শিরোপা জিতেছিলেন।

Scroll to Top