
আকস্মিক কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া ঘাট ও দৌলতদিয়া ঘাট নৌরুটে সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রী ও পশুবাহী যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ঝড়ো হাওয়ার তীব্রতা বেড়ে গেলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, পদ্মা নদীর অববাহিকায় দমকা হাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় ফেরিগুলোকে নিরাপদে পন্টুনে নোঙর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান, প্রায় ৩০টি যাত্রীবাহী বাসসহ অর্ধশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
ঈদ সামনে রেখে রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘরমুখো মানুষের চাপ ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। পাশাপাশি কোরবানির পশুবাহী ট্রাকও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে রাজধানীর বিভিন্ন পশুর হাটের উদ্দেশ্যে চলাচল করছে। গত ৩৪ ঘণ্টায় এ রুট দিয়ে প্রায় ৮৫০টির বেশি পশুবাহী গাড়ি নদী পার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোরবানির পশুবাহী যানবাহন দ্রুত পারাপারের জন্য সরকারি নির্দেশনায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে, যদিও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ফেরি সাময়িকভাবে বন্ধ রয়েছে।




