ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে পেট্রল বোমা হামলা | চ্যানেল আই অনলাইন

ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে পেট্রল বোমা হামলা | চ্যানেল আই অনলাইন

ওপেনএআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (স্থানীয় সময়) ভোরের দিকে সান ফ্রান্সিসকো শহরের রাশিয়ান হিল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, প্রায় ২০ বছর বয়সী এক যুবক অল্টম্যানের বাসার গেট লক্ষ্য করে মলোটভ ককটেল নিক্ষেপ করলে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্যমতে, হামলার পর অভিযুক্ত ব্যক্তি ওপেনএআই-এর সদর দপ্তরের কাছেও গিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফোর্বসকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই-এর এক মুখপাত্র জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং অল্টম্যানসহ সংশ্লিষ্ট সবাই নিরাপদ আছেন।

হামলার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে তদন্তকারীরা ধারণা করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিদ্যমান বিতর্ক, চাকরি হারানোর আশঙ্কা কিংবা এআইবিরোধী ক্ষোভ থেকে এ ধরনের হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ।

Scroll to Top