দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে স্কুল শাখার বিদ্যালয় পরিবর্তন ফি বাবদসহ প্রায় এক কোটি ২৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৭ অক্টোবর ‘দিনাজপুর শিক্ষা বোর্ড/সোনালি সেবায় সিন্ডেকেট কোটি টাকা লোপাট’ শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পরে দুদক সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয় এই অনুসন্ধান শুরু করেছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- দিনাজপুর শিক্ষা বোর্ডের স্কুল শাখার পরিদর্শক অধ্যাপক আমিনুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, বিদ্যালয় রেজিস্ট্রেশন শাখার সেকশন অফিসার মেজবাহুল ইসলাম বকুল এবং চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম শহীদ।
গণমাধ্যমে খবর প্রকাশের পরে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে এই দুর্নীতি-সংক্রান্ত তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত অনুমতি পাওয়া গেছে উল্লেখ করে পরবর্তী কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন দুদক সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান।


