এমবাপের জোড়া গোলে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের রোমাঞ্চকর জয় – DesheBideshe

এমবাপের জোড়া গোলে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের রোমাঞ্চকর জয় – DesheBideshe


এমবাপের জোড়া গোলে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের রোমাঞ্চকর জয় – DesheBideshe

নিউ জার্সি, ১৭ জুন – প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ফ্রান্স। সেনেগালের বিপক্ষে শেষ মুহূর্তের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসিরা। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক ছিলেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে সেনেগালের দাপট লক্ষ্য করা যায়।

২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের কাছে হেরে বিদায় নিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। সেই পুরনো হারের স্মৃতি যেন পুনরায় উঁকি দিচ্ছিল যখন সাদিও মানে ও নিকোলাস জ্যাকসনরা ফরাসি রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করছিলেন।

ম্যাচের শুরুর ২০ মিনিট ফ্রান্স কোনো কার্যকর আক্রমণই করতে পারেনি। ২৫ মিনিটে জ্যাকসনের একটি জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে রক্ষা পায় ফ্রান্স। সাদিও মানে প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।

বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসে ফ্রান্স। ৪৮ মিনিটে উপামেকানোর দূরপাল্লার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৫৪ মিনিটে মাইকেল ওলিসের একটি দুর্দান্ত প্রচেষ্টা রুখে দেন সেনেগালিজ গোলরক্ষক এডোয়ার্ড মেন্ডি। ৫৮ মিনিটে এমবাপের একটি শটও মেন্ডি পা দিয়ে প্রতিহত করেন।

৬৬ মিনিটে ডেডলক ভাঙেন এমবাপে। ওলিসের নিখুঁত পাসে এমবাপে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এর দুই মিনিট পরই নিকোলাস জ্যাকসন গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল করা হয়।

৮২ মিনিটে আদ্রিয়ান রাবিওটের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে সেনেগালের ইব্রাহিম এমবায়ে একটি গোল করে ব্যবধান কমালেও পরের মিনিটেই এমবাপে নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এনএন/ ১৭ জুন ২০২৬



Scroll to Top