এক কোটি টাকা যৌতুক ও নির্যাতনের অভিযোগে প্রিন্স মামুন কারাগারে – DesheBideshe

এক কোটি টাকা যৌতুক ও নির্যাতনের অভিযোগে প্রিন্স মামুন কারাগারে – DesheBideshe


এক কোটি টাকা যৌতুক ও নির্যাতনের অভিযোগে প্রিন্স মামুন কারাগারে – DesheBideshe

ঢাকা, ২৫ জুলাই – এক কোটি টাকা যৌতুক দাবি এবং দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক মো. ইয়াউর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে প্রিন্স মামুনের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলেও শুনানিকালে বাদীপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে প্রিন্স মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা রাজধানীর ভাটারা থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার এজাহারে বলা হয় পেশায় ফ্যাশন মডেল মোহনার সঙ্গে প্রায় পাঁচ মাস আগে প্রিন্স মামুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। বাদীর অভিযোগ অনুযায়ী প্রিন্স মামুন পরকীয়ায় জড়িত এবং মাদকাসক্ত। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো। এছাড়া ব্যবসার কথা বলে বিয়ের পর থেকেই তার কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করা হচ্ছিল।

যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও অভিযোগ করা হয় যে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে প্রিন্স মামুন নেশাগ্রস্ত অবস্থায় মোহনার বাসায় গিয়ে আবারও যৌতুকের জন্য চাপ দেন।

এতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি মোহনাকে শারীরিক আঘাত করেন এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। এই ঘটনায় মোহনার বাম চোখের নিচে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে।

এস এম/ ২৫ জুলাই ২০২৬



Scroll to Top