
পাবনা, ১২ আগস্ট – পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে আটকে রেখে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
অবরুদ্ধ হওয়া ওই মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর দাশুড়িয়া জোনাল অফিসে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় দফায় দফায় লোডশেডিং চলছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও কাজকর্মে ব্যাপক বিঘ্ন ঘটছে। এর পাশাপাশি ভৌতিক বিদ্যুৎ বিলের কারণেও অনেক গ্রাহক হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে আইনুল হোসেন ওই গ্রামে মিটারের রিডিং লিখতে গেলে উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তাকে দীর্ঘ ৪ ঘণ্টা আটকে রাখা হয়।
চরগড়গড়ি গ্রামের বাসিন্দা আকমল প্রামাণিক জানান, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বারবার অভিযোগ দিলেও কোনো সুরাহা না পাওয়ায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রুপবান খাতুন জানান, প্রচণ্ড গরমে লোডশেডিং চলায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। ওই কর্মীকে দেখা মাত্রই তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার দাবি জানান এবং তাকে অবরুদ্ধ করেন। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই বিষয়ে মিটার রিডার আইনুল হোসেন জানান, লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। এটি মূলত একটি জাতীয় সমস্যা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি বিল লেখার কাজ স্থগিত রেখে ফিরে এসেছেন। তবে এ ঘটনার বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম রথিন্দ্রনাথ বর্মনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এনএন/ ১২ আগস্ট ২০২৬


