
ঈদ এলেই জমে ওঠে দেশের চলচ্চিত্র অঙ্গন। একসঙ্গে একাধিক সিনেমা মুক্তির হিড়িক পড়ে, সরগরম হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। তবে ঈদের বাইরে বছরের অন্যান্য সময়ে অনেকটা সিনেমাশূন্যই থাকে দেশের হলগুলো।
এ অবস্থায় দেশীয় চলচ্চিত্রের অন্যতম কাণ্ডারি হিসেবে শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী নওশাবা আহমেদ।
নওশাবা বলেন, ‘শাকিব ভাই এত বছর ধরে আমাদের চলচ্চিত্রের হাল ধরে রেখেছেন। এজন্য একজন আর্টিস্ট হিসেবে তার কাছে আমি কৃতজ্ঞ।’
ঈদের বাইরে শাকিব খানের আরও সিনেমা মুক্তি পেলে চলচ্চিত্রের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়ত বলেও মনে করেন তিনি।
নওশাবার ভাষায়, ‘ঈদের বাইরেও যদি উনি দুটি সিনেমা দিতেন, তাহলে আরও ভালো হতো। আসলে তিনিও একজন মানুষ। সারাবছর তো সিনেমা করা সম্ভব নয়। সিনেমার বাইরেও তার অনেক ব্যস্ততা থাকে। তারপরও চাইব, উনি আরও সিনেমা করুন।’
শুধু নিজের সিনেমা নয়, নতুন প্রজন্মের শিল্পীদের নিয়েও শাকিব খান কাজ করছেন, বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নওশাবা। তিনি বলেন, ‘এখন উনি নতুনদের নিয়েও কাজ করছেন। এটা খুবই পজিটিভ। আমার বিশ্বাস, তিনি ইন্ডাস্ট্রির অন্যদের নিয়েও ভাববেন।’
শাকিব খানের সবচেয়ে বড় শক্তি তার বিশাল ভক্তকুল, এমনটাই মনে করেন নওশাবা। তিনি বলেন, ‘শাকিব খান এত বছর ধরে আমাদের সিনেমার হাল ধরে রেখেছেন। আর্টিস্ট হিসেবে তার কাছে আমি কৃতজ্ঞ। তার শক্তি হচ্ছে বিশাল ফ্যানবেজ। উনি চাইলে দেশের ইয়ুথদের অনেক বেশি অনুপ্রাণিত করতে পারেন।’
দেশের চলচ্চিত্রে নতুন শিল্পীদের আরও বেশি সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নওশাবা। তার মতে, দেশে প্রতিভাবান শিল্পীর কোনো অভাব নেই। থিয়েটারেও রয়েছেন অসংখ্য দক্ষ অভিনয়শিল্পী, যারা ভালো কাজের অপেক্ষায় আছেন।
নওশাবা বলেন, ‘অন্য আর্টিস্টরাও ভীষণভাবে ভালো কাজ করার জন্য তৈরি আছেন। আমাদের থিয়েটারেও প্রচুর শিল্পী আছেন। যারা সিনেমা বানাচ্ছেন, তারা হয়তো কোনো কারণে তাদের খুঁজছেন না। এই দিকটা আমাদের পরিচালক ও প্রযোজকদের বিবেচনা করা উচিত।’
তার মতে, প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের সুযোগ দিলে দেশের চলচ্চিত্র আরও সমৃদ্ধ হবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…