মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন পদক্ষেপ নিতে পারেন যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে।
সাম্প্রতিক সময়গুলোতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে এ বিষয় নিয়ে দৃশ্যমান টানাপোড়েন দেখা গেছে।
‘ওয়াশিংটন পোস্ট’ র এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।
এর আগে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও বৃহত্তর সমঝোতার পথে এগোতে চাইলেও নেতানিয়াহু ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অবস্থান বজায় রাখতে আগ্রহী।
এমনকি ট্রাম্প ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ না নিতে বলেছিলেন বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে, কারণ তা চলমান কূটনৈতিক উদ্যোগকে ভেস্তে দিতে পারে।
সাম্প্রতিক মার্কিন-ইরান সমঝোতা নিয়ে ইসরায়েলের আপত্তিও প্রকাশ্যে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে চুক্তি ক্ষুণ্ন না করার সতর্কবার্তা দিয়েছেন বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এই সতর্কতা নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ইরান প্রশ্নে ক্রমবর্ধমান কৌশলগত মতপার্থক্যের প্রতিফলন, যা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সংবাদমাধ্যম ও বিশ্লেষণে উঠে এসেছে।





