ইরানে আবার মার্কিন হামলার পর তেলের দাম বেড়েছে | চ্যানেল আই অনলাইন

ইরানে আবার মার্কিন হামলার পর তেলের দাম বেড়েছে | চ্যানেল আই অনলাইন

ইরানের কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনায় আজ বৃহস্পতিবার আবার মার্কিন হামলা পর জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ড্রোনও তাদের বাহিনী ভূপাতিত করেছে।

মার্কিন হামলার পরপরই বিশ্ববাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে (৭৩ দশমিক ১৫ পাউন্ড) পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ক্রুড অয়েলের দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে উঠেছে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং তিন মাস ধরে চলা সংঘাতের অবসানে আলোচনার মধ্যেই এই হামলা হয়েছে। এই সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে, ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পরপরই তেহরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোয় হামলার হুমকি দিয়েছিল।

Scroll to Top