হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি নিরসন ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে বিভিন্ন ধরনের পণ্য ই-নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
আজ (১৮ জুন) বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস হাউস ঢাকার অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট, এক্সপ্রেস সার্ভিস ইউনিট ও রাষ্ট্রীয় গুদামে সংরক্ষিত বিভিন্ন পণ্য ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে বিক্রির জন্য বিশেষ ই-নিলামের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত বিশেষ আদেশ নং-২৬/২০২৬/কাস্টমসের নির্দেশনা অনুযায়ী প্রথম নিলামে কোনো লটের ক্ষেত্রে সংরক্ষিত মূল্য বিবেচনা না করে, প্রাপ্ত দরসমূহের মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছে সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হবে। আগ্রহী নিলাম ক্রেতারা ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন বা বিডার লগ ইন করে ই-নিলামে অংশগ্রহণ করতে পারবেন।
এি লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ কাস্টমস ও ঢাকা কাস্টমস হাউস ওয়েবসাইটে প্রদত্ত ই-অকশন পোর্টাল ব্যবহার করতে হবে। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে, পাশাপাশি অনলাইনে দরপত্র দাখিলের ব্যবস্থাও রয়েছে। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করে পণ্য খালাস গ্রহণ করতে হবে। ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই দুপুর ৩টায় কাস্টমস হাউস ঢাকার সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে। নিলাম-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্টদের ই-অকশন পোর্টাল পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।


