আসছে জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি – DesheBideshe



মুম্বাই, ১৭ আগস্ট – বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘জান্নাত’ নিয়ে ফিরছেন নির্মাতারা। দীর্ঘ বিরতির পর অবশেষে বড় পর্দায় আসতে চলেছে ‘জান্নাত ৩’। এই সিনেমার নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন নির্মাতারা।

প্রযোজক বিশেষ ভাট সম্প্রতি নিশ্চিত করেছেন যে, বর্তমানে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘আওয়ারাপন ২’ সিনেমার কাজ শেষ করার পরেই ‘জান্নাত ৩’ এর দিকে পূর্ণ মনোযোগ দিতে চান নির্মাতারা।

একটি সাক্ষাৎকারে বিশেষ ভাট জানান, দর্শকদের প্রত্যাশা পূরণ করতে তারা মানসম্মত একটি গল্প তৈরিতে সময় নিচ্ছেন। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘জান্নাত’ অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারে একটি বড় মোড় এনে দিয়েছিল।

কুণাল দেশমুখ পরিচালিত এই রোমান্টিক ক্রাইম ড্রামায় ইমরানের বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। অর্জুন দীক্ষিত চরিত্রে ইমরানের অভিনয় এবং সিনেমার গানগুলো দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’, যেখানে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছিলেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

নতুন কিস্তিতে অভিনেতা ইমরান হাশমি থাকবেন কি না, তা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল থাকলেও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

একই সাক্ষাৎকারে প্রযোজক তার অন্যান্য প্রজেক্ট নিয়েও কথা বলেন। তিনি জানান, দ্রুত ব্যবসায়িক মুনাফার চেয়ে সৃজনশীল কাজের দিকেই তাদের নজর বেশি। আপাতত ‘জান্নাত ৩’ এর শক্তিশালী চিত্রনাট্য তৈরিতেই সব শক্তি নিয়োগ করা হয়েছে।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬



Scroll to Top