বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া | চ্যানেল আই অনলাইন

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হারের ধাক্কা সামলানোর আগেই বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসির শাস্তি পেতে পারে দলটি। খেলোয়াড়দের বড় অঙ্কের আর্থিক জরিমানার পাশাপাশি কাটা যেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্টও।

মারারা স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় দিন পুরোটা সময় ব্যাট করেছিল বাংলাদেশ। এদিন নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া। ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষ করে ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে। দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৮৬ ওভারে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডট কম এইউ জানিয়েছে, ধীরগতির বোলিংয়ের কারণে স্ট্রেলিয়া টেস্ট দলের প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।

আইসিসির নিয়ম অনুযায়ী, একটি দলকে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয়। এক দিনের খেলায় এর মাধ্যমে অন্তত ৯০ ওভার সম্পন্ন করার কথা। নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা হতে পারে।

অস্ট্রেলিয়ার টেস্টে প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি ২০ হাজার ডলার। ৫ শতাংশ হারে প্রতি ওভারের জন্য জরিমানা হতে পারে ১ হাজার ডলার করে। চার ওভার কম করায় প্রত্যেক অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের সর্বোচ্চ ৪ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

শাস্তি শুধু আর্থিক জরিমানাতেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। ডব্লিউটিসির পয়েন্টও হারাতে পারে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী, চার ওভার কম করার কারণে চারটি পয়েন্ট কাটা যেতে পারে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ম্যাচ রেফারি পরিস্থিতিও বিবেচনায় নিতে পারবেন। বিশেষ করে ডারউইনের তীব্র গরম ও আর্দ্রতা, উইকেট পতনের সংখ্যা এবং অন্যান্য সময়ক্ষেপণের কারণ বিবেচনায় নেওয়া হতে পারে। তাই পুরো ৪ হাজার ডলার জরিমানা এড়ানোর সুযোগও রয়েছে অস্ট্রেলিয়ার।

বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের জয়ের হার ৭৭.৭৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকার পয়েন্ট ৩৬, জয়ের হার ৭৫ শতাংশ।

বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল। তবে অস্ট্রেলিয়াকে মাত্র ৫৩ ওভারে অলআউট করায় শাস্তির হাত থেকে বেঁচে যাচ্ছে তারা।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল যদি অন্তত ৮০ ওভার ব্যাট না করে কিংবা ম্যাচে নিজেদের দুই ইনিংসে মিলিয়ে ১৬০ ওভারের কম খেলে অলআউট হয়, তবে শাস্তিটি প্রযোজ্য হয় না। গত গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে এ নিয়মের কারণে একাধিকবার বেঁচে গিয়েছিল অস্ট্রেলিয়া, তবে এবার আর তা হচ্ছে না।

বাংলাদেশ দল প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়া দল এখন শাস্তি পাওয়ার ঝুঁকিতে রয়েছে। ২০২০ সালে বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে ৪ পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি অস্ট্রেলিয়া।

Scroll to Top