আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে বিদায়: কেপ ভার্দে কোচের চোখে এটি গৌরবের পরাজয় – DesheBideshe

আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে বিদায়: কেপ ভার্দে কোচের চোখে এটি গৌরবের পরাজয় – DesheBideshe


আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে বিদায়: কেপ ভার্দে কোচের চোখে এটি গৌরবের পরাজয় – DesheBideshe

প্রায়া, ৪ জুলাই – বিশ্বকাপ শুরুর আগে ফুটবল ভক্তদের কল্পনার বাইরে ছিল যে, কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে কিংবা আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন বীরত্বপূর্ণ লড়াই উপহার দেবে। তবে এই ছোট দেশটিই অসম্ভবকে সম্ভব করে বিশ্বমঞ্চে চমক সৃষ্টি করেছে।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল আফ্রিকার এই উদীয়মান দলটি। নির্ধারিত সময়ে পিছিয়ে থাকার পরও লড়াকু ফুটবল খেলে ম্যাচে সমতা ফেরায় তারা। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আবারও পিছিয়ে পড়লেও বিরতির আগেই দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলেও তাদের লড়াকু মানসিকতা প্রশংসিত হয়েছে ফুটবল বিশ্বে।

দলের এই অনবদ্য পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন কোচ বুবিস্তা। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এভাবে লড়াই করা এবং দুইবার সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য বড় সম্মানের।

কোচ আরও যোগ করেন, এটি একটি গৌরবের পরাজয়। বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের লড়াকু চারিত্রিক বৈশিষ্ট্য দেশের মর্যাদাকে উচ্চ শিখরে নিয়ে গেছে। এটি আমাদের ফুটবল পরিচয়কে আরও শক্তিশালী করেছে।

শুধুমাত্র আর্জেন্টিনাই নয়, গ্রুপ পর্বেও স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে বড় চমক দেখিয়েছিল কেপ ভার্দে। তাদের এই নৈপুণ্যের কারণেই দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল উরুগুয়েকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল।

উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন দেশগুলোর বিপক্ষে এই তিনটি ম্যাচই ছিল কেপ ভার্দের ফুটবল ইতিহাসের প্রথম মুখোমুখি হওয়া। আফ্রিকান বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া বুবিস্তা’র দল ৪ ম্যাচে ৪টি গোল দিয়ে এবং ৫টি গোল হজম করে তাদের এবারের বিশ্বকাপ মিশন শেষ করল।

এনএন/ ৪ জুলাই ২০২৬



Scroll to Top