শেষ হল রোমাঞ্চকর রাউন্ড অব বত্রিশ যাত্রা। শেষ ম্যাচে ঘানার বিপক্ষে ১-০ গোলে জিতে সেরা ষোলোর টিকিট কেটেছে কলম্বিয়া।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকে ঘানার উপর চাপ সৃষ্টি করতে থাকে লাতিন দেশটি। তাদের আক্রমণে বেশ ভালোভাবে রক্ষণ সামলাতে থাকে আফ্রিকার ঘানা। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কলম্বিয়া। ১৪তম মিনিটে গোলটি করেন জন আরিয়াস। লিড নিয়ে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আর জালের দেখা পায়নি কোন দল। ম্যাচের ৫৬ মিনিটে লুইস দিয়াজ জালে বল জড়ান, অফসাইডে সেই গোলটি বাতিল হয় কলম্বিয়ার। ৫৮ মিনিটে তার শট ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। ম্যাচের শেষ মুহূর্তে বেশকিছু আক্রমণ করলেও কোন গোলের দেখা মেলেনি কোন দলেরই। জয় নিয়ে সেরা ষোলোতে যায় কলম্বিয়া।
ষোলোয় ৭ জুলাই দিবাগত রাত ২টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।




