মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এ ম্যাচটি ছিল নানা নাটকীয়তায় ভরা। পুরো ৯০ মিনিটের খেলায় অসংখ্যবার আর্জেন্টিনার গোলমুখে বার বার শট নিয়েছে লা রোজা’রা। ওই বিষয়টিসহ বিশ্বকাপ ফাইনালের নানা বিষয় এবং ২০২৪ সালের ইউরো জয় নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে কথা বলেছেন স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে।
ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে ডে লা ফুয়েন্তে বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনালে আমরা স্পষ্টভাবেই এগিয়ে ছিলাম। তারা আমাদের গোলমুখে একটি শটও নিতে পারেনি। যদিও আমরা কিছুটা শান্ত থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু ফুটবল এমন একটি খেলা যা সর্বদা বিস্ময় নিয়ে আসে।’
‘নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে কুবারসি ক্লিয়ারেন্সটি যদি উনাই সিমোনের গায়ে লেগে গোলে ঢুকে যেত, তবে লক্ষ্যভেদে কোনো শট না নিয়েও তারা জিতে যেতে পারত। ভাগ্যক্রমে, সেই মুহূর্তটি ঠিকঠাকভাবে সামলানো গেছে।’
লোকে বলে, ‘লুইস ডে লা ফুয়েন্তের বিশ্বকাপ? এমন কথায় আমি কিছুটা বিব্রত বোধ করি। আমি সবাইকে এটা মনে করিয়ে দিতে চাই যে, স্পেন একটি দুর্দান্ত জাতীয় দল।’ দলের খেলোয়াড়দের পরিশ্রম ও সার্বিক পারফরম্যান্স মনে করিয়ে দিতে বলেন ডে লা ফুয়েন্তে।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। পাশাপাশি ফুটবল ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ডও গড়ে লা রোজারা। লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে।



