‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’ | চ্যানেল আই অনলাইন

‘যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে, ইরানও আক্রমণ করবে না’ | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলার বিরতি বজায় রাখলে তেহরানও পাল্টা হামলা থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে নতুন করে মার্কিন হামলা হলে ‘ব্যাপক জবাব’ দেওয়ার জন্য ইরান প্রস্তুত বলেও তিনি সতর্ক করেছেন।

রোববার (২৬ জুলাই) রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা এ তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে প্রায় দুই সপ্তাহ ধরে চলা বোমা হামলা অভিযান স্থগিত করার পর এই মন্তব্য আসে। টানা ১৩ রাত বিমান হামলার পর পেন্টাগন শুক্রবার গভীর রাতে অভিযান বন্ধ করে দেয়। এরপর শনিবার ও রোববার নতুন কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাতের হামলার জবাবে মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছিল ইরান। তবে তারাও গত দুই দিন ধরে নতুন কোনো হামলা চালায়নি।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ রোববার ফক্স নিউজকে বলেন, কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দিতেই প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, তিনি আলোচনাকে কিছুটা অবকাশ দিচ্ছেন। তিনি একে কিছুটা সুযোগ করে দিচ্ছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানের অবস্থান হলো হামলার বদলে হামলা। হামলা বন্ধ হলে ইরানও তার অভিযান বন্ধ করবে। এই বার্তা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তাহলে ইরান ব্যাপক জবাব দিতে প্রস্তুত।

এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার বলেন, প্রেসিডেন্ট সবসময়ই কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। তবে আলোচনায় আন্তরিক না হলে তার পরিণতি কী হতে পারে, সেটিও ইরানকে দেখানো হয়েছে। অন্যদিকে ইরানের ওই কর্মকর্তা জানান, ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে তেহরান মনে করছে না।

তার ভাষায়, হামলা বন্ধের বিষয়ে আশাবাদের চেয়ে সংশয়ই বেশি। আমাদের ধারণা, এই বিরতি আন্তরিকতার চেয়ে কৌশলগত। যুক্তরাষ্ট্রের প্রতারণা হিসেবে যা দেখা হয়, সে বিষয়ে ইরানের অতীত অভিজ্ঞতা যথেষ্ট তিক্ত।

Scroll to Top