
তেহরান, ১২ মে – সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। এর আগে আমিরাতকে ইসরায়েলি এই প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার গুঞ্জন থাকলেও এই প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি প্রকাশ্যে আনলেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে আয়রন ডোম ব্যবহার করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আমিরাত। শুধু প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণই নয় বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে গোপন হামলাও চালিয়েছে আমিরাত। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে যে আমিরাত একমাত্র দেশ হিসেবে ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি অংশ নিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী এপ্রিল মাসের শুরুর দিকে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় আমিরাত। যদিও ইরান সে সময় এই হামলার জন্য অজ্ঞাত শত্রুদের দায়ী করেছিল। ওই হামলার পর ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে আমিরাত ও কুয়েতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এই হামলায় ইরানের তেল শোধনাগারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে যে আমিরাতের এই পদক্ষেপকে ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক হিসেবে দেখছেন কারণ উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা প্রকাশ করেছিল।
এস এম/ ১২ মে ২০২৬






